শ্রীদেবীর মরদেহ দুবাই থেকে ভারতে নেয়া হচ্ছে

বিনোদন ডেস্ক : মঙ্গলবার দুবাই পুলিশ প্রয়াত এ অভিনেত্রীর মরদেহ ভারতে নেওয়ার অনুমতিসংক্রান্ত কাগজ ও মরদেহ ভারতের দূতাবাস কর্তৃপক্ষ আর তার পরিবারের কাছে হস্তান্তর করে। এরপরই মরদেহ ভারতে নেয়ার প্রক্রিয়া শুরু হয়।

অভিনেত্রী শ্রীদেবীর মরদেহ দুবাই থেকে ভারতে নেয়া হচ্ছে। খালিজ টাইমসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের স্থানীয় সময় দুপুর ৩টা ৬ মিনিটে শ্রীদেবীর মরদেহ বিমানবন্দরের উদ্দেশ্যে নেয়া হয়েছে।

এদিকে অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর ব্যাপারে সোমবার হোটেল স্টাফ, এ অভিনেত্রীর স্বামী বনি কাপুর ও ননদের ছেলে যার বিয়েতে অংশ নিতে এ অভিনেত্রী দুবাই গিয়েছিলেন সেই মুহিত মারওয়াকেও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। মঙ্গলবারও এ বিষয়ে নানা তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তদন্ত চলাকালীন শ্রীদেবীর মরদেহ দুবাইয়ের আল কুসাইস মর্গে ছিল। দুবাইয়ের নিয়ম অনুযায়ী হাসপাতালের বাইরে কারো মৃত্যু হলে তা পর্যায়ক্রমে তদন্ত করা হয়। এমনকি সেটি স্বাভাবিক মৃত্যু হলেও।

এর আগে রোববার এ অভিনেত্রীর মরদেহ আনার জন্য একটি বিশেষ বিমান ভারত থেকে দুবাইয়ে পাঠানো হয়। সেদিন রাতেই তার মরদেহ ভারতে নেয়ার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। গত ২৪ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান বলিউড অভিনেত্রী শ্রীদেবী। প্রাথমিকভাবে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি। তবে সোমবার শ্রীদেবীর ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট হাতে পায় দুবাই পুলিশ। এতে বলা হয়, হৃদরোগে নয়, দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারে বাথরুমের বাথটাবের পানিতে দম আটকে মৃত্যু হয়েছে শ্রীদেবীর।