শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক সংকটের মুখে প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ ও হামলাচেষ্টার জেরে রাজধানী কলম্বোয় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ কারফিউ জারি করা হয়।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, দ্বীপ রাষ্ট্রটিতে তীব্র অর্থনৈতিক সংকট চলছে। এ পরিস্থিতিতে খাদ্যদ্রব্য ও জ্বালানিসহ নিত্যপণ্যের চরম ঘাটতি দেখা দিয়েছে।
সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতাকে দায়ী করে শত শত বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনের সামনে জড়ো হন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। এ সময় বিক্ষোভকারীরা ‘ঘরে ফিরে যাও গোটা’, ‘গোটা একজন স্বৈরশাসক’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। এতেই সংঘর্ষ শুরু হয়।
দেশটির পুলিশের মহাপরিদর্শক সি ডি বিক্রমারত্নে রাতে এক বিবৃতিতে জানান, বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে হামলার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
এদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।


