সন্ত্রাসবিরোধ আইনে দায়ের করা মামলায় পাঁচ জঙ্গির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা থানায় সন্ত্রাসবিরোধ আইনে দায়ের করা মামলায় পাঁচ জঙ্গির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালত রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- ওয়ালী জামান ওরফে অলি (২৮), আনোয়ারুল আলম ওরফে আনোয়ার (২৯), সালেহ আহম্মদ ওরফে শিষ (২২), আবুল কাশেম (২৭) এবং মহসিন ওরফে মোহন (২০)।

গত ২০ মার্চ দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তর বাড্ডায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরকে কোতোয়ালি থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দু’দফায় রিমান্ডে নেয় পুলিশ।

এরপর তাদের বাড্ডা থানায় সন্ত্রাসবিরোধ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২০ মার্চ দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তর বাড্ডায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে বিপুল সংখ্যক উগ্রবাদী বই ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আসামিদের মধ্যে দুজন প্রকৌশলী রয়েছেন।