সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলাগুলোর আগাম তথ্য পুলিশের কাছে ছিল

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলাগুলোর আগাম তথ্য পুলিশের কাছে ছিল বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেছেন, ‘এসব ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।’

শনিবার সকালে ধানমন্ডির সুফিয়া কামাল ক্রীড়া কমপ্লেক্সে জঙ্গিবাদবিরোধী এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কমিশনার বলেন, ‘হামলাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এসবের আগাম তথ্য আমাদের কাছে ছিল। এসব ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।’

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই, তবে তাদের মতাদর্শী আছে। তারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সব সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার চট্টগ্রামে জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। এর পরদিন ঢাকর আশকোনায় পুলিশের বিশেষ ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অস্থায়ী ক্যাম্পে বোমা বিস্ফোরণে অজ্ঞাত এক যুবক নিহত হয়। এর ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে হামলা চালানোর চেষ্টা চালালে র‌্যাবের গুলিতে নিহত হয় আরেক যুবক।