প্রথম দুই ম্যাচে হেরে ভারতের সেমিফাইনালের স্বপ্ন শঙ্কায় পড়েছিল। সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের প্রয়োজন বিরাট কোহলিদের।
বুধবার (৩ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত।
তবে টিম ইন্ডিয়ার দুই ওপেনার রোহিত শর্মা আর লোকেশ রাহুল এদিন স্বপ্নের মতো একটা দিন কাটালেন। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে তারা। যা এবারের আসরে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। এছাড়া টি-টোয়েন্টিতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহও এটি। সুতরাং আফগানদের এ ম্যাচে জিততে হলে রানের পাহাড় টপকাতে হবে। করতে হবে ২১১ রান। এর আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আফগান বোলারদের তুলোধুনো করেন দুই ওপেনার রোহিত এবং রাহুল। উইকেটে অবিচ্ছিন্ন থেকে হাফসেঞ্চুরি তুলে নেন দুজনই।
আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ে জায়গা হারিয়েছিলেন রোহিত। আফগানদের বিপক্ষে আবারও তাকে চেনা জায়গায় ফিরিয়ে আনা হয়। তাতেই বাজিমাত। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে মাত্র ৩৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ‘হিটম্যান’। তবে ৪৭ বলে ৭৪ রান করে করিম জানাতের বলে মোহাম্মদ নবীর হাতে ক্যাচ দিয়ে শেষমেশ সাজঘরে ফেরেন তিনি। আর এর মধ্য দিয়ে দলীয় ১৪০ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে টিম ইন্ডিয়ার।
আফগানিস্তানের সবচেয়ে শক্তির জায়গা বোলাররা। আর এদিন চরম ব্যর্থ তারাই। রশিদ কিংবা নবী বল হাতে যে আসছেন তাকেই তুলোধুনো করেছেন রোহিতরা। যেন পাড়ার ক্রিকেটে আনাড়ী কোনো দলের বিপক্ষে খেলতে নেমেছে ভারত।
এদিন ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুলও। তবে ৪৮ বলে ৬৯ করে গুলবাদিন নাইবের বলে বোল্ড হয়ে ইনিংস শেষ করেন রাহুল। রোহিতের পর ব্যাট করতে নেমে হার্দিক পান্ডিয়াও যেন নিজের পুরনো ছন্দ ফিরে পেলেন এদিন। রোহিত-রাহুল যেখান থেকে শেষ করলেন, ঠিক সেখান থেকেই যেন চালিয়ে নিয়ে গেলেন রিশভ পন্ত এবং হার্দিক পান্ডিয়া জুটি।
এদিকে, ভারতের জন্য ম্যাচটি যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আফগানিস্তানের জন্যও। তবে ভারতের বিপক্ষে খেলতে নেমে নিম্নমানের বোলিং, দুর্বল ফিল্ডিং কিংবা ক্যাচ মিসের মহড়ায় নবীদের ম্যাচ জেতার মানসিকতা কতটুকু আছে, তা নিয়েও এরই মধ্যে প্রশ্ন উঠছে।


