নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, সরকারি কর্মচারীরা জনগণের অর্থে পরিচালিত হয়।
রোববার বিকেলে রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনের ব্রিফিং সেন্টারে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম বলেন, সরকারি কর্মচারীদের যার যার অবস্থান থেকে মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। কোনো প্রবাসী কর্মী ও তার পরিবারের সদস্যরা যেন প্রাপ্ত সেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার এনডিসি বলেন, কোনো সেবাপ্রার্থী সেবা নিতে এসে যেন প্রতারিত না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সেবা সহজীকরণের মনোভাব সবার মধ্যে থাকতে হবে।
‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত ‘শুদ্ধাচার প্রদান নীতিমালা-২০১৭’ অনুসারে মূল্যায়ন ছক প্রস্তুতপূর্বক নৈতিকতা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ২০১৬-১৭ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কারের জন্য কর্মকর্তা ও কর্মচারী হিসেবে মনোনীত করা হয় যথাক্রমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম রুমানা রহমান শম্পা এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনিরুজ্জামান।
এছাড়াও প্রতিষ্ঠান হিসেবে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো।
আলোচনা সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার এনডিসির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অর্থ ও প্রশাসন) জাবেদ আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এনডিসি, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি. এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী প্রমুখ।


