কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ‘সবুজ করি কুড়িগ্রাম ‘ শ্লোগানে ১ম ধাপে ১০ হাজার চারাগাছ বিতরণের অংশ হিসেবে ২য় দিনে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরন করা হয়। শিক্ষার্থীদের প্রতিটি গাছের সাথে দেয়া হয় মাননীয় প্রধানমন্ত্রীর উক্তি সংবলিত গাছের উপকারিতা বিষয়ক শুভেচ্ছা কার্ড।
চারাগাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী, টিআই প্রশাসন বানিউল আনামসহ কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষকবৃন্দ।
পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকে তোমাদের যে গাছটি দিচ্ছি, সেটা কোন সাধারণ গাছ নয়। এই গাছটি হলো তোমাদের দায়িত্ব এবং কর্তব্যের এক প্রতীক। তোমার সাথে সাথে এই গাছটিও বড় হবে এবং আগামী ২০ বছর পর তোমার প্রয়োজনে গাছটি তোমার বন্ধু হবে, পুঁজিতে পরিণত হবে গাছটি। তাই তোমাদের প্রতি আমার বিশ্বাস এই গাছটির সাথে সাথে তোমরাও দেশের ভবিষ্যত নিরাপদ রাখবে এবং একজন আদর্শ নাগরিক হিসেবে বেড়ে উঠবে। তিনি শিক্ষার্থীদের এও জানান যে, ধারাবাহিকভাবে জেলা পুলিশ আরো চারাগাছ কুড়িগ্রাম সরকারি কলেজে বিতরণ অব্যহত রাখবেন।


