সাংবাদিক নাদিম হত্যায় আসামীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: জামালপুরের সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সাংবাদিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক নাদিম হত্যায় আসামীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। শনিবার (১৭ জুন) বেলা ১১টায় জেলা শহরের চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দূর্নীতিগ্রস্থ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরেই সাংবাদিক নাদিমকে হত্যা করা হয়। এমন ঘটনা দেশে সাংবাদিকদের স্বাধীন সংবাদ প্রকাশের অন্তরায়। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। দ্রুত সময়ের মধ্যে মূল পরিকল্পনাকারীসহ সকল আসামীকে গ্রেপ্তার করতে হবে। রবিবারের মধ্যে গ্রেপ্তার করা না হলে সোমবার চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকরা বিক্ষোভ মিছিল প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবে। বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকবে সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল। এসময় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।