নিজস্ব প্রতিবেদক : মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক সংবাদ প্রকাশের অভিযোগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা ২৩ মামলা বাতিলে জারি করা রুল খারিজ করেছেন হাইকোর্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়।
রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
একই সঙ্গে ওইসব মামলার ওপর আগে দেওয়া স্থগিতাদেশও তুলে নিয়েছেন আদালত। ফলে এসব মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার রাশেদ জাহাঙ্গীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা ও সূচিরা হোসাইন। মামলার বাদীপক্ষে ছিলেন আইনজীবী মো. রফিকুল ইসলাম ফারুক।
এসব মামলার এক বাদী হচ্ছেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য চট্টগ্রামের বাসিন্দা শেখ শহিদ হোসেন। তিনি জানান, ২০০৯ সালের ১৭ ডিসেম্বর দৈনিক আমার দেশ পত্রিকায় সজীব ওয়াজেদ জয় ও তৌফিক-ই-ইলাহী বিনা দরপত্রে শেভরনকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ৫ মিলিয়ন ডলার লাভ করেন মর্মে মিথ্যা সংবাদ প্রকাশ করে।
এই সংবাদ প্রকাশের পর আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন জেলায় মামলা করেন। এর মধ্যে চট্টগ্রাম আদালতে মানহানির মামলা করেন শেখ শহিদ।
শেখ শহিদ আরো জানান, এসব মামলার বিরুদ্ধে ২০১০ সালে হাইকোর্টে আবেদনের পর মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করা হয়।
আজ রোববার রুল খারিজ করে দেন আদালত। ফলে এসব মামলা চলতে বাধা নেই।


