‘সাইরাত’ রিমেকে জানভি-ইশান?

বিনোদন ডেস্ক : অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের মেয়ে জানভি কাপুর। ‘শিদ্দাত’ সিনেমায় বরুন ধাওয়ানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হবে তার। ২০১৬ সালের শেষের দিকে এমন খবর চাউর হয়েছিল। এরপর শোনা যায়, মারাঠি সিনেমা ‘সাইরাত’ এর হিন্দি রিমেকে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখবেন তিনি। জানভির বিপরীতে শহিদ কাপুরের ভাই ইশান কাট্টার অভিনয় করার কথা রয়েছে।

কিন্তু কিছুদিন পরই ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, সাইরাত সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখা হচ্ছে না জানভির। এ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘‘জানভির বলিউডে অভিষেক নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। এটা সত্যি যে, করন জোহরের হাত ধরে বলিউডে সে পা রাখতে চলেছে, তবে সেটি ‘সাইরাত’ সিনেমার রিমেকের মাধ্যমে নয়। করন তাকে আলিয়া ভাটের মতো একটি শক্ত প্ল্যাটফর্ম দিতে চাইছেন এবং ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হবে।’’

এবার সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে, ‘সাইরাত’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে জানভি কাপুরের। আর এতে তার বিপরীতে অভিনয় করবেন ইশান কাট্টার। আগামী ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। বিখ্যাত ইরানিয়ান নির্মাতা মাজিদ মাজিদির ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে ইশানের। কিন্তু টেকনিক্যালি ‘সাইরাত’ সিনেমার মাধ্যমে ইশানের বলিউড অভিষেক হবে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।