নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
শুনানি শেষে বুধবার ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন রায় ফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় জামিনের আদেশ দেন। হুম্মামের আইনজীবী পারভেজ বিষয়টি জানিয়েছেন।
এর আগে হুম্মাম তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। হুম্মাম কাদেরের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী পারভেজ।
এ মামলায় গত বছরের ২২ নভেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে সাকাপুত্র ও স্ত্রী ফারহাত কাদের চৌধুরীকে আদেশের অনুলিপি পাওয়ার ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। আত্মসমর্পণ করলে তাদের জামিন বিবেচনা করতে বিচারিক আদালতকে বলা হয়।
গত বছরের ১৫ সেপ্টেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার একেএম ফখরুল ইসলাম এবং তার সহকারি আইনজীবী মেহেদী হাসানসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। তবে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ও ছেলেকে বেকসুর খালাস দেওয়া হয়।
রায়ে ফখরুল ইসলামকে ১০ বছরের কারাদ- এবং এক কোটি টাকা জরিমানা, অনাদায়ে তাকে আরো ৬ মাসের কারাভোগের আদেশ দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারী ফারুক আহমেদ, অস্থায়ী কর্মচারী নয়ন আলী, ব্যারিস্টার ফখরুল ইসলামের সহকারী আইনজীবী মেহেদী হাসান ও ম্যানেজার একেএম মাহাবুবুল আহসানকে ৭ বছরের কারাদ- এবং ১০ হাজার টাকা জরিমানা করেন ট্রাইব্যুনাল।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদ-াদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে রায় ঘোষণার আগেই সাকা চৌধুরীর স্ত্রী ও তার পরিবারের সদস্য এবং আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তারা ‘রায়ের খসড়া কপি’ সংবাদকর্মীদের দেখান। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার একেএম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে ওই বছর ২ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহবাগ থানায় একটি মামলা করেন।
উল্লেখ থাকে, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি ২০১৫ সালের ২১ নভেম্বর রাতে কার্যকর করা হয়।


