সাক্ষ্য গ্রহণ হয়নি সাব্বির হত্যা মামলায়

নিজস্ব প্রতিবেদক : বসুন্ধরা গ্রুপের আইটি বিশেষজ্ঞ সাব্বির আহমেদ হত্যা মামলার আসামিদের বাঁচাতে ২১ কোটি টাকার ঘুষ গ্রহণের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়নি।

রোববার মামলাটি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু এ দিন মামলার অন্যতম আসামি প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে দায়ের করা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দিন ধার্য তারিখ ছিল। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারসংলগ্ন ওই আদালতে হাজিরা দেওয়ার কারণে বাবর আজ হাজির হতে পারেননি।

এ জন্য ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক একেএম ইমরুল কায়েস আগামী ২৮ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ঠিক করেছেন।

এ মামলায় গত ৯ আগস্ট মামলার বাদী প্রাক্তন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার সাক্ষ্য দেন। তবে ওই দিন তার সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি।

মামলার অন্য আসামিরা হলেন- বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহআলম, তার দুই সন্তান সাফিয়াত সোবহান এবং সাদাত সোবহান, আবু সুফিয়ান, কাজী সলিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, আসামি তারেক রহমানের পিএস মিয়া নুর উদ্দিন অপু।

প্রসঙ্গত, ২০০৭ সালের ৪ অক্টোবর মামলাটি দায়ের করে দুদক। মামলাটিতে ২০০৮ সালের ২৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ওই বছর ১৪ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

অভিযোগপত্রে বলা হয়, সাব্বির হত্যা মামলার ঘটনা ধামাচাপা দিতে তারেক, বাবর ও শাহ আলমের মধ্যে বাবরের বেইলি রোডের সরকারি বাসায় একটি বৈঠক হয়। বৈঠকে শাহ আলমের কাছে ১০০ কোটি টাকা দাবি করেন তারেক ও বাবর। পরে ৫০ কোটি টাকার বিনিময়ে এই হত্যা রহস্য ধামাচাপা দেওয়ার জন্য তারেক ও বাবরের সঙ্গে শাহ আলমের চুক্তি হয়। চুক্তি অনুসারে শাহ আলমের কাছ থেকে বাবর ২১ কোটি টাকা গ্রহণ করেন। এ টাকার মধ্যে বাবরের নির্দেশে বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সুফিয়ান ২০০৬ সালের ২০ আগস্ট হাওয়া ভবনে ১ কোটি টাকা তারেকের পিএস অপুকে বুঝিয়ে দেন। বাবর ৫ কোটি টাকা আবু সুফিয়ানের মাধ্যমে নগদ গ্রহণ করে কাজী সালিমুল হক কামালের কাছে জমা রাখেন। বাকি ১৫ কোটি টাকা বাবরের নির্দেশে আবু সুফিয়ান প্রাইম ব্যাংকের বিভিন্ন শাখায় সালিমুল হক কামালকে ২০টি চেকের মাধ্যমে দেন।