সাঞ্জু ছাড়িয়ে গেল পিকে

বিনোদন ডেস্ক : চলতি বছরের অন্যতম সাড়া জাগানো বলিউড সিনেমা সাঞ্জু। মুক্তির পঞ্চম সপ্তাহে এসেও বক্স অফিসে রেকর্ড গড়ছে সিনেমাটি। ভারতীয় বক্স অফিসে সবচেয়ে বেশি আয়ের সিনেমার তালিকায় পিকে সিনেমাটিকে টপকে গেছে সাঞ্জু।

আমির খান অভিনীত ও রাজকুমার হিরানি পরিচালিত সিনেমা পিকে। ২০১৪ সালে মুক্তি পায় সিনেমাটি। ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ৩৪০ কোটি রুপি। এদিকে গত ২৯ জুন মুক্তি পায় রণবীর কাপুর অভিনীত সিনেমা সাঞ্জু। এখন পর্যন্ত এটির আয় ৩৪০.০৫ কোটি রুপি। এর মধ্যে দিয়ে ভারতীয় বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা বলিউড সিনেমার তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে সাঞ্জু।

ভারতে প্রায় চার হাজার এবং বিশ্বের ৬৫টির বেশি দেশে ১৩০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাঞ্জু। ভারতীয় বক্স অফিসের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও ভালো আয় করেছে সিনেমাটি। বিশেষ করে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে এটি বেশ সাড়া ফেলেছে। বিশ্বব্যাপী সিনেমাটির বর্তমান আয় প্রায় ৫৮০ কোটি রুপি। শোনা যাচ্ছে, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ায় সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

অভিনেতা সঞ্জয় দত্তের জীবনের নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সাঞ্জু সিনেমাটি। এটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। এতে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন-পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, দিয়া মির্জা, ভিকি কৌশল, সোনম কাপুর, আনুশকা শর্মা প্রমুখ।