সাটুরিয়ায় চেয়ারম্যানের ব্যক্তিগত কাজে ব্যস্ততা, ইউনিয়ন পরিষদ বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে অনিয়ম, অব্যবস্থাপনা ও জনসেবায় অবহেলার অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদে গিয়ে নিয়মিতভাবে সেবা না পেয়েই চলে যাচ্ছেন সাধারণ মানুষ। ফলে চরম ভোগান্তিতে পড়ছেন তারা।
২-ই এপ্রিল ২০২৬-ইং রোজ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রতিনিধিসহ অনুসন্ধানী টিম ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষ সহ সকল কক্ষই তালাবদ্ধ। জানা যায়, বিনা নোটিশে ইউনিয়ন পরিষদ বন্ধ রেখে চেয়ারম্যান শরিফুল ইসলাম(ধলা) ব্যক্তিগত কাজে বাইরে চলে গেছেন। এ সময় জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন সেবা নিতে আসা মানুষগুলো ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনো সেবা না পেয়ে চলে যাচ্ছেন।
তাদের অভিযোগ, এটি নতুন কোনো ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই নিয়মিত ইউনিয়ন পরিষদে এসে হয়রানির শিকার হচ্ছেন তারা। অনেক সময় অফিস খোলা থাকলেও দায়িত্বশীল কাউকে পাওয়া যায় না।
আইন অনুযায়ী কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যক্তিগত সিদ্ধান্তে পরিষদের কার্যক্রম বন্ধ রাখতে পারেন না। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত, কারণ দর্শানোর নোটিশ, সাময়িক বরখাস্ত, আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রত্যাহারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান শরিফুল ইসলাম(ধলা)-র মুঠোফোনে ফোন দিলে  জানা যায়, তিনি একটি ব্যাক্তগত মামলার হাজিরা দিতে মানিকগঞ্জ আদালতে গিয়েছিলেন। তবে পরিষদ বন্ধ রাখার বিষয়ে প্রশাসনকে অবগত করেছিলেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দেননি তিনি।
এদিকে সেবা নিতে আসা স্থানীয়দের অভিযোগের বিষয়ে জেলা প্রশাসনকে অবগত করা হলে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি ।