সানীকে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জামিন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানীকে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জামিন দিয়েছেন আদালত।

শুনানি শেষে বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুল ইসলাম ৫০ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এ মামলায় জামিন পাওয়ায় আরাফাত সানীর মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী এম জুয়েল আহমেদ। ৫৩ দিন কারাভোগের পর জামিন পাচ্ছেন তিনি।

জামিন শুনানিকালে আরাফাত সানী আদালতে হাজির ছিলেন। সানীর পক্ষে কাজী নজিবুল্লাহ হিরু শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, উভয়পক্ষের পরিবারের মধ্যে সমঝোতা হয়ে গেছে। এ মামলায় জামিন দিলে বাদীর আপত্তি নেই। ইতিমধ্যে আরাফাত সানী মহানগর দায়রা জজ আদালত থেকে একটি মামলায় জামিন পেয়েছে। তাই আমরা সানীর জামিন প্রার্থনা করছি।

এ সময় নাসরিন সুলতানা আদালতে হাজির ছিলেন। তবে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এ সময় বিচারক নাসরিনকে জিজ্ঞাসা করেন, জামিনে আপত্তি আছে কিনা? নাসরিন বিচারককে বলেন, জামিন দিলে আমার কোনো আপত্তি নেই। সে (আরাফাত সানী) আমাকে নিয়ে সংসার করতে চাচ্ছে। সংসার করতে তার আপত্তি নেই। আমাকে সে মেনে নিয়েছে। তাছাড়া পারিবারিকভাবে মীমাংসা হয়েছে। এ অবস্থায় জামিন দিলে আমার কোনো আপত্তি নেই। এরপর বিচারক আরাফাত সানীকে ৫০ হাজার টাকার মুচলেকায় জামিন দেন।

এদিকে জামিন শুনানিকালে কাঠগড়ায় দাঁড়িয়ে দোয়া পড়তে থাকেন সানী। এ সময় তাকে বেশ উদ্বিগ্ন দেখা যাচ্ছিল।

এর আগে গত ৯ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় এক মাসের জামিন পান আরাফাত সানী। তবে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় কারাগারে আটক থাকায় কারামুক্ত হতে পারেননি আরাফাত সানী। এ মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই। গত ১৫ ফেব্রুয়ারি এ মামলায় আরাফাত সানীর জামিন নাকচ করে দেন একই আদালত।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, প্রায় সাত বছর আগে পরিচয়ের সূত্রে আরাফাত সানীর সঙ্গে নাসরিন সুলতানার ঘনিষ্ঠতা হয়। অভিভাবককে না জানিয়ে ২০১৪ সালের ৪ ডিসেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। নাসরিন সুলতানা বিভিন্ন সময়ে বিয়ের বিষয়টি অভিভাবকদের জানিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে ঘরে তুলে নেওয়ার জন্য আরাফাত সানীকে তাগিদ দেন। কিন্তু আরাফাত সানী তার কথা না শুনে ভয়ভীতি দেখান। গত বছর ১২ জুন রাতে আরাফাত সানী নাসরিন সুলতানার নাম এবং মোবাইল নাম্বার ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে ওই আইডি থেকে নাসরিন সুলতানার আসল আইডিতে অন্তরঙ্গ অশ্লীল ছবি পাঠান। এছাড়া নানা রকম হুমকি দিতে থাকেন তিনি।

ওই ঘটনায় নাসরিন সুলতানা গত ৫ জানুয়ারি আরাফাত সানীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেন।

ওই মামলায় গত ২২ জানুয়ারি আরাফাত সানীকে ঢাকার সাভার থানাধীন আমিনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন তার একদিনের রিমান্ডও মঞ্জুর করেন আদালত। ২৪ জানুয়ারি রিমান্ড শেষে আরাফাত সানীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে কারাগারেই আছেন আরাফাত সানী।

এদিকে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় রিমান্ড চলাকালে আরাফাত সানীর বিরুদ্ধে ২৩ জানুয়ারি যৌতুক আইনের ৪ ধারায় আরেকটি মামলা করেন নাসরিন সুলতানা। ওই মামলায় আরাফাত সানীকে আগামী ৫ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত।

এরপর গত ১ ফেব্রুয়ারি ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম রেজানুর রহমানের আদালতে আরো একটি মামলা করে নাসরিন সুলতানা। ওই দিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর মামলার অভিযোগ মোহাম্মাদপুর থানাকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন মীর মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করে ঢাকার মুখ্য মহানগর আদালতে (সিএমএম) নথি পাঠান। এরপর আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এ মামলায় আরাফাত সানীর মা নার্গিস আক্তারও আসামি।