সানীর বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় অভিযোগপত্র গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : আগে আরাফাত সানী তার আইনজীবী এম জুয়েল আহম্মদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। শুনানিতে জুয়েল আহম্মদ বলেন, আরাফাত সানীর বিরুদ্ধে যে ঘটনার অভিযোগে মামলাটি করা হয়েছে তা সত্য নয়। তা ছাড়া আরাফাত সানী বর্তমানে লীগে খেলছে। সেখানে তিনি সর্বোচ্চ ২৩ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন। এর আগে তিনি জামিনে ছিলেন। এ অবস্থায় তার জামিন বহাল রাখা হোক। উল্লেখ থাকে, গত ১৫ ফেব্রুয়ারি এই মামলায় সানীর জামিন মঞ্জুর করেন আদালত।

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানীর বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

রোববার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম অভিযোগপত্রটি গ্রহণ করেন। একই সঙ্গে বিচারক আগামি ১৩ জুলাই অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন।

এদিন আরাফাত সানীর স্ত্রী নাসরিন সুলতানাও আদালতে উপস্থিত ছিলেন। তিনি আরাফাত সানীর জামিন বাতিলের আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, আরাফাত জামিন নিয়ে যাওয়ার পর গত ১৭ এপ্রিল তাকে মারধর করেন। পাঁচ লাখ টাকার চেক দিয়ে তাকে মামলা তুলে নিতে হুমকি দেন। আরাফাত সানীর বিরুদ্ধে থানায় জিডি করতে গেলে থানা জিডি নেয়নি বলে আদালতকে জানান নাসরিন সুলতানা।

এদিকে রাষ্ট্রপক্ষে নজরুল ইসলাম শামীম আরাফাত সানীর জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক বলেন, আপনি (নাসরিন সুলতানা) আপোষের কথা বলে আরাফাত সানীর জামিন নিয়েছেন। এ অবস্থায় জামিন বাতিলের আবেদনটি নামঞ্জুর করা হলো। এরপর বিচারক আরফাত সানীর বিরুদ্ধে অভিযোগপত্রটি গ্রহণ করেন। আর আরাফাত সানীর জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী এম জুয়েল আহম্মদ এসব তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২২ মার্চ ঢাকা সিএমএম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. ইয়াহিয়া। এরপর মামলাটি বিচারের জন্য সিএমএম আদালত থেকে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানো হয়। অভিযোগপত্রে আরাফাত সানীর সাথে নাসরিন সুলতানার বিয়ে হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।