সানীর বিরুদ্ধে মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের ৭ মার্চ ধার্য

নিজস্ব প্রতিবেদক : জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. ইয়াহিয়া প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানা প্রতিবেদন দাখিলের জন্য ৭ মার্চ দিন ঠিক করেছেন।

রোববার আরাফাত সানীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

সানীর স্ত্রী দাবি করা নাসরিন সুলতানা গত ৫ জানুয়ারি তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলাটি করেন। ওই মামলায় গত ২২ জানুয়ারি সানীকে সাভারের আমিনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় রিমান্ড চলাকালে সানীর বিরুদ্ধে ২৩ জানুয়ারি যৌতুক আইনের ৪ ধারায় আরেকটি মামলা করেন নাসরিন সুলতানা। ওই মামলায় সানীকে আগামী ৫ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত।