নিজস্ব প্রতিবেদক : ক্রিকেটার আরাফাত সানীর বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন তৈরি করছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
রোববার বিকেলে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামালউদ্দিন মীর রাইজিংবিডিকে বলেন, ‘নাসরিন সুলতানার দায়ের করা তথ্যপ্রযুক্তি আইনের মামলার তদন্ত প্রায় শেষদিকে। তবে একটি মোবাইল নম্বর নিশ্চিত হতে সিআইডির কাছে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মূলত নম্বরটি কার তা নিশ্চিত হওয়া প্রয়োজন। শিগগিরই পরীক্ষা শেষে প্রতিবেদন পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে চার্জশিট করা যেমন সহজ হবে, তেমনি অনেক কিছুই পরিস্কার হবে।’
থানায় মামলা দায়েরের পর পুলিশের সঙ্গে মহানগর গোয়েন্দা পুলিশসহ (ডিবি) সরকারের অন্য সংস্থাও এ ঘটনার তদন্ত করছে। ডিবি পুলিশের একটি সূত্র জানায়, ইতিমধ্যে ফেসবুক থেকে ছবিগুলো নেওয়া হয়েছে। কোন লিংক থেকে এটি দেওয়া হয়, উদ্দেশ্য কি ছিল তার সবকিছুই নিশ্চিত হওয়া গেছে। আবার রিমান্ডে সানী কোনো তথ্য দেননি। একই সঙ্গে তিনি ছবি পোস্টও করেননি কিংবা সুলতানাকে বিয়ের কথাও অস্বীকার করেছেন। যা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হবে।
উল্লেখ্য, ৫ জানুয়ারি আরাফাত সানীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় মামলা করেন নাসরিন সুলতানা। অভিযোগ করা হয়, সাত বছর আগে পরিচয়ের পর সানীর সঙ্গে তার প্রেম হয়। ২০১৪ সালের ডিসেম্বরে তারা পরিবারকে না জানিয়ে গোপনে বিয়ে করেন। তুলে নেওয়ার কথা বলে সানী সময়ক্ষেপণ করতে থাকেন। এক সময় চাপ দিলে সানী ফেসবুকে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলে মেসেঞ্জারে তাদের কিছু অন্তরঙ্গ ছবি পাঠান এবং নানাভাবে হুমকি দিতে শুরু করেন। ২২ জানুয়ারি এ অভিযোগে সানীকে গ্রেপ্তার করে পুলিশ।


