নিজস্ব প্রতিবেদক : ক্রিকেটার আরাফাত সানীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালত রিমান্ড নামঞ্জুরের আদেশ দেন।
এদিকে নারী-নির্যাতনের মামলায় আরাফাত সানীকে গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম রেজানুর রহমান।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মাসুদুর রহমান আরাফাত সানীকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী এম জুয়েল আহমেদ এবং মুরাদুজ্জামান মুরাদ রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন।
এম জুয়েল আহমেদ বলেন, পুলিশ আরাফাত সানীকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে। আমরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করি। আদালত রিমান্ডের আবেদন নামঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতে জামিনের এখতিয়ার না থাকায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে জামিন আবেদনের জন্য বলেছেন।
গত ১ ফেব্রুয়ারি ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম রেজানুর রহমানের আদালতে মামলাটি করে সানীর স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। ওইদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর মামলার অভিযোগ মোহাম্মাদপুর থানাকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন মীর মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করে ঢাকা সিএমএম আদালতে নথি প্রেরণ করেন। এরপর আদালত আগামি ২ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলায় আরাফাত সানীর মা নার্গিস আক্তারও আসামি।
মামলায় বলা হয়, সাত বছর আগে পরিচয়ের সূত্র ধরে উভয়ের ঘনিষ্ঠতা হয়। একপর্যায়ে তারা দুজন দুজনকে ভালবাসেন। ২০১৪ সালের ৪ ডিসেম্বর অভিভাবকদের না জানিয়ে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের তিন বছরেও সানী দুই পরিবারের সঙ্গে আলোচনা করে নাসরিন সুলতানাকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে নেননি। বারবার এ বিষয়ে চাপ দিলেও তিনি কালক্ষেপণ করেন।
এরপর গত বছর ১২ জুন রাত ১টা ৩৫ মিনিটে নাসরিন সুলতানা (Nasrin Sultana) নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে নাসরিন সুলতানার আসল ফেসবুক মেসেঞ্জারে সানী-নাসরিনের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় মামলা করেন নাসরিন সুলতানা। ওই মামলায় সানী রিমান্ডে থাকা অবস্থায় গত ২২ জানুয়ারি তার মা নার্গিস আক্তার থানার সামনে বাদীকে মারধর করেন। এ বিষয়ে ওইদিন থানায় অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় আদালতে মামলা করেন নাসরিন সুলতানা।
প্রসঙ্গত, নাসরিন সুলতানা গত ৫ জানুয়ারি সানীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেন।
ওই মামলায় গত ২২ জানুয়ারি সানীকে ঢাকার সাভার থানাধীন আমিনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন তার একদিনের রিমান্ডও মঞ্জুর করেন আদালত। ২৪ জানুয়ারি রিমান্ড শেষে সানীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে সানী কারাগারেই আছেন। মামলাটিতে গত ২৬ জানুয়ারি সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে সানীর জামিনের আবেদন করা হলে বিচারক ১৫ ফেব্রুয়ারি জামিন শুনানির দিন ঠিক করেন।
এদিকে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় রিমান্ড চলাকালে সানীর বিরুদ্ধে ২৩ জানুয়ারি যৌতুক আইনের ৪ ধারায় আরেকটি মামলা করেন নাসরিন সুলতানা। ওই মামলায় সানীকে আগামী ৫ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত।
এরপর নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১ ফেব্রুয়ারি এই মামলাটি করেন নাসরিন সুলতানা।


