সাফাত আহমেদের দেহরক্ষী রহমত আলী কারাগারে

নিজস্ব প্রতিবেদক : বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের দেহরক্ষী রহমত আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি তিন দিনের রিমান্ড শেষে রহমত আলীকে আদালতে হাজির করেন। রহমত আলী এজাহারভুক্ত আসামি। এজন্য তার জামিন নামঞ্জুর করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্ত। অপরদিকে রহমতের আইনজীবী হেমায়েত উদ্দিন মোল্লা তার জামিনের প্রার্থনা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস জামিন নামঞ্জুর করে রহমত আলীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৬ মে রহমত আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সাফাতের গাড়ির ড্রাইভার বিল্লাল হোসেন রিমান্ডে রয়েছেন। ওই দিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অন্যতম আসামি নাঈম আশরাফ সাত দিনের রিমান্ডে রয়েছেন। ১৮ মে তার রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে মামলার প্রধান অভিযুক্ত সাফাত আহমেদ এবং সাদমান সাকিফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ১৮ মে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালতে সাফাত আহমেদ ও মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে সাদমান সাকিফ জবানবন্দি দেন। এরপর তাদেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এর আগে গত ১৩ মে সাফাত আহমেদের ছয় দিন এবং সাদমান সাকিফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৮ মার্চ রাত ৯টা থেকে পর দিন সকাল ১০টা পর্যন্ত আসামিরা মামলার বাদী, তার বান্ধবী ও বন্ধু শাহরিয়ারকে আটকে রাখে। অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। বাদী ও তার বান্ধবীকে জোর করে একটি কক্ষে নিয়ে যায় আসামিরা। বাদীকে সাফাত আহমেদ একাধিকবার ও তার বান্ধবীকে নাঈম আশরাফ একাধিকবার ধর্ষণ করে।

আসামি সাদমান সাকিফকে দুই বছর ধরে চেনেন মামলার বাদী। তার মাধ্যমেই ঘটনার ১০-১৫ দিন আগে সাফাতের সঙ্গে দুই ছাত্রীর পরিচয় হয়।

এজাহারে আরো বলা হয়েছে, ঘটনার দিন দুই ছাত্রী সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে যান। সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী তাদের বনানীর ২৭ নম্বর রোডে দ্য রেইনট্রি হোটেলে নিয়ে যায়। হোটেলে যাওয়ার আগে বাদী ও তার বান্ধবী জানতেন না সেখানে পার্টি হবে। তাদের বলা হয়েছিল, এটা একটা বড় অনুষ্ঠান, অনেক লোকজন থাকবে। অনুষ্ঠান হবে হোটেলের ছাদে। সেখানে যাওয়ার পর তারা কোনো ভদ্রলোককে দেখেননি। সেখানে আরো দুই তরুণী ছিলেন। বাদী ও তার বান্ধবী দেখেন সাফাত ও নাঈম ওই দুই তরুণীকে ছাদ থেকে নিচে নিয়ে যাচ্ছিলেন। এ সময় বাদীর বন্ধু শাহরিয়ার ও আরেক বান্ধবী ছাদে আসেন। পরিবেশ ভালো না লাগায় তারা চলে যেতে চান। এ সময় আসামিরা তাদের গাড়ির চাবি শাহরিয়ারের কাছ থেকে নিয়ে নেন। শাহরিয়ারকে খুব মারধর করেন। ধর্ষণ করার সময় সাফাত গাড়িচালককে ভিডিও করতে বলেন। বাদীকে নাঈম আশরাফ মারধর করেন। পরে বাদী প্রতিবাদ করবেন বলে জানান।

ধর্ষণের ঘটনার পর এরপর বাদী ও তার বান্ধবীর বাসায় রহমতকে পাঠানো হয় তথ্য সংগ্রহের জন্য। তারা এতে ভয় পান। লোকলজ্জার ভয় এবং মানসিক অসুস্থতা কাটিয়ে উঠে পরে আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে তারা মামলার সিদ্ধান্ত নেন। এ কারণে মামলা দায়ের করতে বিলম্ব হয়।