সামান্য মুনাফার লোভে মাছে ভেজাল না দিতে মৎস্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান

ডেস্ক রিপোর্ট : সামান্য মুনাফার লোভে মাছে ভেজাল না দিতে মৎস্য ব্যবসায়ী, প্রক্রিয়াজাতকারী ও রপ্তানিকারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘কিছু কিছু মানুষের একটু ভেজাল দেবার প্রবণতা রয়েছে। এই ভেজাল দিয়ে বেশি মুনাফা করতে গিয়ে একেবারে নিজের ব্যবসারও সর্বনাশ। দেশেরও সর্বনাশ। এই সর্বনাশের পথে যেন কেউ না যায়। বিশেষ করে আমাদের মৎস্য ব্যবসায়ীরা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘রপ্তানির ক্ষেত্রে সবসময় আমাদের সতর্ক থাকতে হবে। যাতে কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে না আসে। মাছ চাষ এবং প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যারা জড়িত তাদেরকে আমি অনুরোধ করবো, সামান্য একটু মুনাফার লোভে নিজের ব্যবসাটাও যেমন নষ্ট করবেন না, তেমনি দেশের রপ্তানি বা পণ্যটাও আপনারা নষ্ট করবেন না।’

জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উদযাপন উপলক্ষে বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে খামারবাড়িতে কৃষিবিদ মিলনায়তনে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি। ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত এবারের মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। এবার প্রতিপাদ্য হচ্ছে ‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ।’

শেখ হাসিনা বলেন, ‘মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে। আগে একজন রিকশাচালক যেখানে শুধু চাল কিনতে সক্ষম ছিল, সে এখন একটু মাছও সাথে কিনতে পারে। একজন দিনমজুরের সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। এজন্য চাহিদাও বাড়বে। মানুষের ক্রয়ক্ষমতা যত বাড়বে, আমাদের বাজারও ততটা বৃদ্ধি পেতে থাকবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘৯৬ সালে ক্ষমতায় আসার পর দেখলাম চিংড়ি রপ্তানি বন্ধ হয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে চিংড়ি নেবে না। কেননা, চিংড়ি মাছের মধ্যে লোহা ঢুকিয়ে দিয়ে ওজন বাড়িয়ে সেটা রপ্তানি করা হয়। এটা যখনই ধরা পড়ে সাথে সাথেই চিংড়ি রপ্তানি বন্ধ হয়ে যায়। আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বলে মৎস্য খাতের উন্নয়নের জন্য সেই সময় ৪০ কোটি টাকা বরাদ্দ করি এবং একটি কমিটি করে দেই। সেই টাকা দিয়ে প্রত্যেকটি হ্যাচারি উন্নত করা হয়। ধীরে ধীরে মানসম্পন্ন রপ্তানির মধ্য দিয়ে আবার মৎস্য রপ্তানি সচল হয়।’

 

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রথমবার ক্ষমতায় এসেই বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করেছিলাম যেমন আমাদের কৈ মাছ, মাগুর মাছসহ দেশী মাছের ওপর গবেষণার জন্য। আগে দেখতাম তেলাপিয়া ও কার্প জাতীয় মাছ নিয়েই কেবল গবেষণা চলত। বাজারে কোন মাছের চাহিদা বেশি সেটা নিয়েই আমাদের গবেষণা করা, উৎপাদন বৃদ্ধি করা এবং প্রক্রিয়াজাত করে সেটা বিদেশে রপ্তানি করা প্রয়োজন।’

শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতার পর জাতির পিতা ১৯৭৩ সালে গণভবনের লেকে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা ছেড়ে মৎস্য সপ্তাহ উদযাপনের শুভ সূচনা করেন। তিনি পাট, চা, চামড়ার সাথে মাছকেও বাংলাদেশের রপ্তানিপণ্য হিসেবে উল্লেখ করেছিলেন। মৎস্যসম্পদ বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় প্রধান খাত হবে বলে জাতির পিতা আশাবাদ ব্যক্ত করেছিলেন।’

তিনি বলেন, ‘আজ দেশের ১ কোটি ৮২ লাখ মানুষের জীবন-জীবিকা মৎস্য সম্পদের সাথে সম্পর্কিত। জিডিপিতে মৎস্যসম্পদের অবদান প্রায় ৪ শতাংশ। প্রাণিজ আমিষের ৬০ ভাগ যোগান দেয় মৎস্য খাত। জাতির পিতার সেই আশাবাদ এখন বাস্তবে পরিণত হতে যাচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্ষা মৌসুমের বিশাল প্লাবনভূমি যা স্বাদু পানির মাছের প্রধান প্রজনন ও বিচরণক্ষেত্র। এ ছাড়া রয়েছে বিশাল সমুদ্র। এই সমুদ্রে আরো যোগ হয়েছে মিয়ানমার ও ভারতের কাছ থেকে আইনি লড়াইয়ে অর্জিত গভীর সমুদ্রের ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার এলাকা। স্বাদু পানি এবং বিশাল এই সমুদ্র এলাকা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তথা মৎস্য আহরণ, বৈদেশিক মুদ্রা অর্জন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের কৃষিজ আয়ের ২৪ দশমিক ৪১ ভাগ আসে মৎস্য খাত থেকে এবং জিডিপিতে এ খাতের অবদান প্রায় ৩ দশমিক ৬১ ভাগ। তা ছাড়া প্রাণিজ আমিষের ৬০ ভাগ যোগান আসে মাছ থেকে। বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতের বিশেষ অবদান উল্লেখযোগ্য।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরাই দেশে প্রথমবারের মত ‘জাতীয় মৎস্য নীতি-১৯৯৮’ প্রণয়ন করি। সে সময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণ, জলমহালে সমাজভিত্তিক মাছ চাষ ব্যবস্থাপনা, মাছের আবাসস্থল উন্নয়ন, প্লাবনভূমিতে মৎস্য চাষ ও মাছের অভয়াশ্রম স্থাপন এবং অবকাঠামো উন্নয়নে ১০৭ কোটি টাকার ২৬টি প্রকল্প বাস্তবায়ন করি। চট্টগ্রামে পাহাড়ি জলাশয়ে ও সারাদেশে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করা হয়। আমরা ৭৯৯টি জলমহাল মৎস্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করি। মৎস্য চাষী, মৎস্যজীবী ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেই। ভূমিহীন, বেকার ও প্রান্তিক মৎস্যজীবী ও মৎস্য চাষীদেরকে সহজ শর্তে ঋণ দেই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মৎস্য উৎপাদন ও মৎস্য চাষ সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়নে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৭ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা মৎস্য অধিদপ্তরকে সম্মানজনক ‘অ্যাডওয়ার্ড সওমা’ পুরস্কারে ভূষিত করে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জলমহালে সমাজভিত্তিক মাছ চাষ ব্যবস্থাপনা, মৎস্য আবাসস্থল উন্নয়ন, প্লাবনভূমিতে মৎস্য চাষ ও মাছের অভয়াশ্রম স্থাপনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ এবং অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে জনসচেতনতা বৃদ্ধি, গুণগত মানসম্পন্ন মাছের পোনা উৎপাদনের জন্যও যুগোপযোগী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘নতুন জলমহাল নীতিমালা, মাছ চাষীদের মাঝে মানসম্পন্ন রেণু সরবরাহ নিশ্চিত করার জন্য মৎস্য হ্যাচারি আইন ও মৎস্য হ্যাচারি বিধিমালা; গুণগতমানের মৎস্য খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন এবং মৎস্য খাদ্য বিধিমালা প্রণয়ন করা হয়েছে। দেশি-বিদেশি ভোক্তাদের মানসম্পন্ন চিংড়ি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় চিংড়ি নীতিমালা প্রণয়ন করা হয়েছে।’

তিনি বলেন, ‘২০০৯ সাল থেকে এ পর্যন্ত জেলেদের সহায়তা কর্মসূচিতে খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ লক্ষ ৯৬ হাজার ৫৬৯ মেট্রিক টন যা ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত ছিল মাত্র ৬ হাজার ৯০৬ মেট্রিক টন। এর ফলে ইলিশ উৎপাদন প্রায় ১ লক্ষ মেট্রিক টন বৃদ্ধি পেয়ে ৩ লক্ষ ৮৭ হাজার মেট্রিক টনে দাঁড়িয়েছে।

এ ধরনের বহুমুখী পদক্ষেপ গ্রহণ ও কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আমরা মাছের উৎপাদন ও আহরণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। ২০১৫-১৬ অর্থবছরে ৩৮ লক্ষ ৭৮ হাজার মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে যা ইতিপূর্বে ছিল ৯ লক্ষ ৭৪ হাজার মেট্রিক টন। ফলে অভ্যন্তরীণ জলাশয়ে মৎস্য আহরণে বাংলাদেশ বিশ্বে ৪র্থ স্থান অধিকার করার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে।’

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ১৩ জন মৎস্য চাষি এবং প্রতিষ্ঠানকে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেব স্বর্ণ ও রৌপ্য পদক প্রদান করেন। এদের মধ্যে ৪ জন স্বর্ণপদক এবং ৯ জন রৌপ্যপদক লাভ করেন। তিনি পদকপ্রাপ্তদেরকে যথাক্রমে নগদ ৫০ হাজার টাকা ও ৩০ হাজার টাকার চেক এবং পদক ও সনদপত্র প্রদান করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সায়েদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং মন্ত্রণালয়ের সচিব মাহমুদুল হাসান খান বক্তৃতা করেন।

 

তথ্যসূত্র : বাসস।