বিশেষ প্রতিনিধি : দেশজুড়ে চাঁদাবাজির বিস্তৃত নেটওয়ার্ক ভাঙতে পুলিশের প্রাথমিক তালিকায় উঠে এসেছে ৩ হাজার ৮৪৯ জনের নাম। এর মধ্যে ডিএমপিতে রয়েছে ১ হাজার ২৫৪ জন। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় সক্রিয় এই চক্রের উপস্থিতি স্পষ্ট। এমনকি খিলক্ষেত থানা এলাকায় ১৫ জনসহ রাজধানীর ৮টি জোনে ছড়িয়ে রয়েছে চাঁদাবাজরা।
তালিকার সবচেয়ে শঙ্কাজনক দিক হলো – প্রায় ৯০ শতাংশ চাঁদাবাজ কোনো না কোনোভাবে রাজনৈতিক পরিচয়ে সুরক্ষিত। সরকার বদলালেই বদলায় তাদের পরিচয়, কিন্তু থামে না চাঁদাবাজি। অভিযোগ আছে, এই অর্থের ভাগ যায় অসাধু রাজনৈতিক নেতা ও দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের কাছেও। ফলে চাঁদাবাজির একটি শক্তিশালী সিন্ডিকেট বছরের পর বছর প্রভাব বিস্তার করে টিকে আছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় তালিকা প্রস্তুতের কাজ জোরদার হলেও বাস্তব প্রশ্ন এখনো রয়ে গেছে। মাঠপর্যায়ের তথ্য বলছে, চাঁদাবাজি এখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। ইতিমধ্যে তালিকাও তৈরি হয়েছে। তাই এখন দেখার বিষয় আইন প্রয়োগ হয় কি না, নাকি সবকিছু আবারও কাগজেই সীমাবদ্ধ থাকে।


