বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের চেয়ে এখন হলিউডেই বেশি দেখা যায় তাকে। বেশ কয়েকটি হলিউড প্রজেক্ট নিয়ে ব্যস্ত তিনি।
এদিকে দুই বছরেরও বেশি সময় পর বলিউড সিনেমায় অভিনয়ের কথা ছিল প্রিয়াঙ্কার। সালমান খানের ভারত সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নেন প্রিয়াঙ্কা চোপড়া।
তবে সালমান খানকে ছেড়ে অভিনেতা ক্রিস প্র্যাটকে বেছে নিয়েছেন প্রিয়াঙ্কা। এই অভিনেতার বিপরীতে কাউবয় নিনজা ভাইকিং নামের হলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলিউডের ‘দেশি গার্ল’।
পশ্চিমা একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমায় ক্রিস প্র্যাটের প্রেমিকার চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। সিনেমার জন্য স্ক্রিন টেস্ট দিয়েছিলেন প্রিয়াঙ্কা এবং ক্রিস প্র্যাটের সঙ্গে তার রসায়ন সবাইকে মুগ্ধ করে। এরপর এ অভিনেত্রীকে চরিত্রটির জন্য বেছে নেয়া হয়।
কাউবয় নিনজা ভাইকিং সিনেমাটি পরিচালনা করবেন ‘গেম অব থ্রোনস’ টিভি সিরিজখ্যাত পরিচালক মিশেলে ম্যাকলরেন। এর চিত্রনাট্য লেখেছেন ড্যান ম্যাজেউ, রায়ান এঙ্গেল, ক্রেগ ম্যাজিন, পল ওয়েরনিক ও ডেভিড রিজ। এ.জে লিবারম্যান ও রিলে রসমোর একটি ইমেজ গ্রাফিক কমিক উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি।
সিনেমাটির গল্প তৈরি হয়েছে-একটি কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিটকে ঘিরে, যেটি তৈরি করেছেন সাইকোথেরাপিস্ট সেবাস্তিয়ান ঘিস্লেইন। ক্রিস প্র্যাট একজন এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন, যার রয়েছে অসম্ভব দক্ষতা এবং তার মধ্যে রয়েছে কাউবয়, নিনজা ও ভাইকিংয়ের গুণ।
মাইকেল ডি লুকা, মার্ক গর্ডন এবং ক্রিস প্র্যাটের সঙ্গে কাউবয় নিনজা ভাইকিং সিনেমাটি প্রযোজনা করছেন গাইমন কসেডি ও বেন ফর্কনের। আগামী বছর ২৮ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।


