নিজস্ব প্রতিবেদক : ২০১৪ থেকে ২০১৬ সালে সারা দেশে একের পর এক টার্গেট কিলিংয়ের মিশন বাস্তবায়ন করেছিল নব্য জেএমবি। ২০১৬ সালের জুলাইয়ে গুলশান ও শোলাকিয়ায় ভয়াবহ হামলা করে। ওই সময় নব্য জেএমবির সমন্বয়ক ছিল বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম আহমেদ চৌধুরী। পরে পুলিশের এক অভিযানে তামিম মারা যায়। তামিমের সঙ্গে সালমানের যোগাযোগ ছিল কি না, এ বিষয়েও খোঁজ করা হচ্ছে।
কানাডা থেকে পালিয়ে আসা জঙ্গি সালমান হোসেন বাংলাদেশে অবস্থান করছে। ইতোমধ্যে সেদেশের গণমাধ্যমে এ ব্যাপারে সংবাদ প্রকাশিত হয়েছে।
উগ্রপন্থি এ নেতাকে খুঁজতে পুলিশের আন্তার্জাতিক সংস্থা ইন্টারপোলে রেড নোটিশও জারি করা হয়েছে। তবে সালমান এদেশে অবস্থান করছে কি না, এ ব্যাপারে নজরদারি শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো।
বুধবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি/ইন্টারপোল) মাহবুবুর রহমান ভূঁইয়া রাইজিংবিডিকে বলেন, ‘কানাডায় মোস্ট ওয়ান্টেড আসামি সালমান। সে এদেশে অবস্থান করছে কি না, সেটি এখনো অনিশ্চিত। গোয়েন্দারা কাজ শুরু করেছে।’
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘সালমানের বিষয়ে আমরা জানতে পেরেছি। তার বিষয়ে খোঁজ করছি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি।’
পুলিশ জানিয়েছে, সালমান সত্যিই বাংলাদেশে অবস্থান করছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কানাডার সরকার কিংবা সে দেশের কোনো সংস্থা এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। এ দেশের কোনো জঙ্গির সঙ্গে তার যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগ আছে, ইহুদি গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে সালমান হোসেনের বিরুদ্ধে। ওন্টারিও রাজ্য পুলিশ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। রোববার এক ফটোগ্রাফার সালমানকে ঢাকায় দেখেছেন। গুলশানের একটি হোটেলে এবং উত্তরায় তাকে দেখা গেছে এমন ছবি প্রকাশ করেছে কানাডার গণমাধ্যম। প্রকাশিত সংবাদ ও ছবি সত্য কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সালমান সাত বছর ধরে নিখোঁজ। সে কোথায় আছে কেউ জানে না। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এ দেশে আইএসের সমর্থক জঙ্গিগোষ্ঠী জেএমবি বা নব্য জেএমবির সঙ্গে তার কোনো যোগাযোগ রয়েছে কি না, তাও গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। এখনই সালমানের অবস্থান এবং বাংলাদেশি জঙ্গিদের সঙ্গে কানেকশন রয়েছে কি না, এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।


