বিনোদন ডেস্কঃ আইনি ঝুট ঝামেলা থেকে যেন কিছুতেই রেহাই পান না সলমন। একের পর আইনি নোটিশ পেয়েই চলেছেন তিনি। এবার ঝামেলার সূত্রপাত তাঁর মহারাষ্ট্রের রায়গড় জেলার পানভেলের ফার্মহাউসকে কেন্দ্র করে। যে জায়গায় তাঁর এই ফার্ম হাউসটি রয়েছে সেটি বনদফতরের অধীনে। আর এই অবৈধ নির্মাণের অভিযোগেই সলমন ও তাঁর পরিবারকে নোটিশ পাঠাল মহারাষ্ট্র বনদফতর। সাত দিনের মধ্যে ওই নোটিশের জবাব না দিলে খান পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এক প্রবাসী ভারতীয় অভিযোগ করেছেন তাঁর এই ফার্মহাউসটি বানানো হয়েছে বনদফতরের আইন ভেঙে। বনদফতরের আইন ছাড়াও এই নির্মাণের কারণে অন্য সব আইনও লঙ্ঘন কয়ার হয়েছে বলে দাবি করেন তিনি। নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে জবাব না দেওয়া হলে, মালিকপক্ষের কিছু বলার নেই বলে ভাবা হবে। এক্ষেত্রে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে এমনটাই উল্লেখ করা আছে নোটিশে। ফার্মহাউসের মালিকানায় রয়েছেন সলমন খান ছাড়াও তাঁর বাবা সেলিম খান, ভাই আরবাজ খান, সোহেল খান, বোন অর্পিতা এবং আলভিরা খান, ও মা হেলেনের।
তবে এই অভিযোগ একেবারেই অস্বীকার করছেন সলমনের বাবা সেলিম খান। তিনি জানিয়েছেন, সব আইন মেনেই তৈরি হয়েছিল তাঁদের ফার্মহাউস। প্রয়োজনীয় সব ডকুমেন্টস এবং টাকাও জমা দেওয়া হয়েছিল এককালীন। তাই কোনওভাবেই এটি বেআইনি নির্মাণ হতে পারেনা।


