সিইসিকে ‘গোপাল’ বলায় মানহানি মামলা

নিজস্ব প্রতিবেদক : নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ‘গোপাল’ বলে সম্বোধন করায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদ ও উপস্থাপক ফয়সাল আল মাহমুদের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মো. বাহালুল আলম বাহার ঢাকা সিএমএম আদালতে এ মামলা করেন।

ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ অভিযোগের বিষয়ে বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে সাক্ষী করা হয়েছে।

মামলায় বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি রাতে এসএ টিভিতে ‘লেট এডিশন’ টক শোতে আমন্ত্রিত অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন সাংবাদিক ফয়সাল আল মাহমুদ। অনুষ্ঠানে নির্বাচন কমিশন নিয়ে আলোচনার একপর্যায়ে উপস্থাপক ফয়সাল আল মাহমুদ সিইসিকে ‘গোপাল’ বলে সম্বোধন করেন। ওই সময় আমন্ত্রিত অতিথি খালিদ মাহমুদ চৌধুরী এবং শামসুজ্জামান দুদু উভয়ে প্রতিবাদ করলেও শব্দটি প্রত্যাহার করা হয়নি। গোপাল শব্দের অভিধানিক অর্থ ‘গরু পালনকারী রাখাল’। রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত একজন সিইসিকে ‘গোপাল’ বলে সম্বোধন করা জাতির জন্যও মানহানিকর।