নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালের পর প্রবর্তক মোড় এলাকার সিএসসিআর হাসপাতালকেও ৪ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে র্যাবের ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ইনস্ট্রুমেন্ট, লাইন্সেসবিহীন ফার্মেসি পরিচালনাসহ নানা অনিয়মের অভিযোগে এই জরিমানা করা হয়। এর আগে ম্যাজিস্ট্রেট ম্যাক্স হাসপাতালে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা করেন।
চট্টগ্রাম র্যাব-০৭, স্বাস্থ্য অধিদপ্তর ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম অভিযান ও জরিমানার সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, ‘সিএসসিআর হাসপাতালে অপারেশন থিয়েটারে কিছু সার্জিকাল ইনস্ট্রুমেন্ট পাওয়া গেছে যেগুলো মেয়াদোত্তীর্ণ। কিছু কিছু ইনস্ট্রুমেন্টের মেয়াদ শেষ হয়েছে ২০১২ সালে। এ ছাড়া হাসপাতালের দুইটি ফার্মেসির মধ্যে একটির লাইসেন্স নেই। এসব অভিযোগে সিএসসিআরকে ৪ লাখ টাকা জরিমানা এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।’


