সিদ্ধিরগঞ্জে গণমিছিল করেছে শিক্ষার্থীরা

জেলা প্রতিবেদকঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এ বিক্ষোভ করে তারা। তবে এ সময় পুলিশের সঙ্গে কোনো সংঘর্ষ বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মহাসড়কে কোনো যানজটও দেখা যায়নি। তাদের গণমিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, আমরা যৌক্তিক দাবির জন্য মাঠে নেমেছি। আমাদের সহপাঠীদের রক্ত ঝরেছে, আমরা তার বিচার চাই। বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেওয়া আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, তারা নারায়ণগঞ্জ পলিটেকনিক্যাল ও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী। নিজেদের দাবি আদায় না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত রাখবে বলেও উলে­খ করে তারা।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, অল্প কয়েকজন শিক্ষার্থী শান্তিপ্রিয়ভাবে সড়কে অবস্থান করেছিল। কিছুক্ষণ অবস্থান করে তারা ফিরে চলে গেছে। সবকিছু স্বাভাবিক রয়েছে।