সিরাজগঞ্জে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাঁতি ও পৌনে ২টায় দৌলতপুর ইউনিয়নের বউড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাঁতি গ্রামের আব্দুল আউয়ালের ছেলে নিরব (৬) ও দৌলতপুর ইউনিয়নের বউড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে হযরত আলী (৮) ।

রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া আকন্দ এ তথ্য নিশ্চিত করে জানান, বাড়ির পাশেই অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল নিরব। খেলার এক পর্যায়ে বন্যার পানিতে ডুবে যায় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাজুক বিশ্বাস জানান, শিশু হযরত আলী বাড়ির পাশে খেলছিল। এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের বন্যার পানিতে ডুবে তলিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে পায়নি। কিছুক্ষণ পর পানিতে শিশুটির দেহ ভেসে ওঠে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সাখাওয়াত হোসেন বন্যার পানিতে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।