সিলেট: সিলেটের জকিগঞ্জে দুই সন্তানের মা রুমানা বেগমকে (৩০) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত হানু মিয়াকে (৪২) আটক করেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কসকনকপুর ইউনিয়নের হানিফগ্রামে এ ঘটনা ঘটলেও সন্ধ্যায় জানাজানি হয়।
জানা গেছে, শ্বাসরোধে হত্যার পর হানু মিয়া ঘটনা ধামাচাপা দিতে স্ত্রীর মুখে বিষ ঢেলে হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের চিকিৎসকরা রুমানার শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশকে খবর দিলে পুলিশ হাসপাতাল থেকে হানু মিয়াকে আটক করে।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, রুমানার গলায়, গালে আঘাতের চিহ্ন রয়েছে। পরে আটকের পর হানু তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে।
নিহত রুমানার বাবার বাড়ি একই উপজেলার বারঠাকুরি ইউনিয়নের বারগাত্তা গ্রামে। তার বাবার নাম আব্দুল লতিফ। সুহাদা আক্তার (৫) ও আশরাফুল ইসলাম নামে ৫ মাসের দুটি শিশু সন্তান রয়েছে রুমানার।


