সিলেটে বন্যপ্রাণী পিটিয়ে হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিবেদকঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় শিয়ালসহ ৯ বন্যপ্রাণীকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বনবিভাগের সারি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন আহমদ বাদী হয়ে শনিবার এ মামলা করেন। মামলায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

জৈন্তাপুর থানার ওসি শ্যামল বণিক বলেন, বন আইনে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে গত শুক্রবার সকালে উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামে ছয়টি শেয়াল, একটি বেজি, দুটি বড় বাঘডাশাকে পিটিয়ে হত্যা করেন এলাকাবাসী।

পরে ওই প্রাণীর ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হলে বিষয়টি নজরে আসে সংশ্লিষ্টদের।

মামলার পর শনিবার জৈন্তাপুর থানার একদল পুলিশ, সিলেট বনবিভাগের একটি প্রতিনিধিদল, শ্রীমঙ্গল থেকে ওয়াইল্ডলাইফের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।