সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ সিলেট নগরের সুবিদবাজারে আমির হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ৮টার দিকে পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আমির সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি নগরের তেলিহাওরের আখলু মিয়ার ওয়ার্কশপে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে নগরের শেখঘাট জিতু মিয়ার পয়েন্ট থেকে সিএনজিচালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন আমির। পথে পাঠানটুলা পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে এলে দুই-তিনটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা অটোরিকশার গতিরোধ করে তাকে এলাপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।