নিজস্ব প্রতিবেদক: বিবিয়ানা গ্যাসক্ষেত্রের রক্ষণাবেক্ষণ কাজের সময় বন্ধ হয়ে যাওয়া ৬টি কূপের ৩টি থেকে শুরু হয়েছে গ্যাস উত্তোলন। আর আজকের মধ্যেই আরও একটি কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হতে পারে।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে তেল, গ্যাস ও খনিজ সম্পদের রাষ্ট্রায়ত্ত নিয়ন্ত্রক সংস্থা পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ছাড়া দ্রুত সময়ের মধ্যে বাকি দুটি কূপের গ্যাস উত্তোলন স্বাভাবিক করার মাধ্যমে গ্যাসক্ষেত্রটিকে পূর্ণ সক্ষমতায় ফেরানোর চেষ্টা চলছে।
রক্ষণাবেক্ষণ কাজের সময় দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানার ২৬টি কূপের মধ্যে ৬টি কূপে শনিবার (২ এপ্রিল) রাত থেকে হঠাৎ সমস্যা দেখা দেয়। গ্যাসের সঙ্গে বালি উঠতে থাকায় বন্ধ হয়ে যায় কূপগুলোর উৎপাদন।
দেশের সবচেয়ে বড় হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্র প্রতিদিন জাতীয় গ্রিডে যোগান দেয় এক হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। কিন্তু ৬ কূপের গ্যাস উত্তোলন বন্ধ হয়ে যাওয়ায় গ্যাসক্ষেত্রটির যোগান কমে যায় ৪২০ মিলিয়ন ঘনফুট গ্যাস। ফলে সারা দেশেই দেখা দেয় তীব্র গ্যাস সংকট।


