সুন্দরবনে দুই জেলেকে অপহরণ

নিজস্ব প্রতিবেদকঃ সাত লাখ টাকা মুক্তিপণের দাবিতে সুন্দরবন থেকে দুই জেলেকে অপহরণ করেছে দস্যু জিয়াবাহিনী।

শনিবার (১৩ জুন) ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ভারত সীমান্তবর্তী ছায়া নদী সংলগ্ন ছায়ারটেক নামক স্থান থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার বড় ভেটখালী গ্রামের জব্বার সানার ছেলে মজিদ সানা (৪৫) ও পার্শ্বেখালী গ্রামের আকবর হোসেনের ছেলে আব্দুল্যাহ (২২)।

অপহৃত জেলেদের বরাত দিয়ে ফিরে আসা জেলে পার্শ্বেখালী গ্রামের আনিচ শেখের ছেলে হোসেন শেখ জানান, সপ্তাহখানেক আগে কৈখালী স্টেশন থেকে অনুমতি নিয়ে সুন্দরবনের ছায়ারটেক এলাকায় মাছ ধরতে যায় তারা। একপর্যায়ে জিয়াবাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে দুই জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এসময় তারা সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে। যদিও ৮ জেলেকে মুক্তি দেয় তারা।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান বলেন, জেলে অপহরণের বিষয়টি শুনেছি। কিন্তু কেউ এখনো অভিযোগ করেনি।