সুন্দরবনে ৬ জনকে পিটিয়ে ঝিনুক শ্রমিক অপহরণ

জেলা প্রতিবেদকঃ সুন্দবরনের গহীনে আলোরকোল খাল থেকে মহসিন (৩৫) নামে এক ঝিনুক শ্রমিককে অপহরণ করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও ছয় ছেলেকে পিটিয়ে আহত করে দস্যুরা। পরে কয়েক ঘণ্টা চালিয়ে পাথরঘাটা বরাবর পশ্চিমে সুন্দরবনের ছাপরাখালী এলাকায় ওই ছয়জনকে ছেড়ে দেওয়া হয়।

বুধবার (৩ জুন) দুপুরে ফিরে আসা ঝিনুক শ্রমিকরা এ তথ্য নিশ্চিত করেছেন। আহতরা হলেন- হাবিবুর রহমান, মুসা, রফিক। বাকিদের নাম জানাতে পারেনি তারা। তাদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে।

এর আগে, মঙ্গলবার (২ জুন) রাত ১১টার দিকে সুন্দরবনের গহীনে আলোরকোল খালে ঝিনুক তোলার সময় তাদের ট্রলারে হানা দেয় ১০ জনের এক দল দস্যু। এ সময় ওই ট্রলারে থাকা সাতজনের ওপর হামলা চালিয়ে ট্রলারসহ ছয়জনকে ফিরিয়ে দিলেও মহসনি নামে একজনকে সুন্দরবনের গহীনে নিয়ে যায় দস্যুরা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ফিরে আসা ঝিনুক শ্রমিকরা আমাদের কাছে এ তথ্য জানানোর পর আমরা খোঁজ নিচ্ছি। তাছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী জানানো হয়।

তিনি আরও বলেন, ওই দস্যু বাহিনীর হাতে অন্তত আটটি আগ্নেয়াস্ত্র ছিল এবং একাধিক রামদাও ছিল। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যপারে র‌্যাবের সহকারী পরিচালক (এএসপি) আদনান মুস্তাফিজ বলেন, এ খবর আমরা শোনা মাত্রই আমাদের ফোর্স কাজ করছে। সুন্দরবনসহ আশপাশে অনুসন্ধান চলছে।