নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘কারো কাছে যদি মনে হয় প্রধান বিচারপতির বক্তব্য রাজনৈতিক, তাহলে আমি বলব বিচার বিভাগের স্বার্থে প্রয়োজনে আরো রাজনৈতিক বক্তব্য দিয়ে যাব।
শনিবার সদ্য অবসরে যাওয়া বিচারপতি নাজমুন আরা সুলতানার আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে আইনমন্ত্রীর উপস্থিতিতে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘সুপ্রিম কোর্টের মূল ভবন ভঙগুর অবস্থায় রয়েছে। আমি যে চেয়ারে বসি সেখানে বৃষ্টির পানি পড়ে। নতুন একটা এনেক্স ভবন না করলে মাঠে বসে বিচার কাজ করতে হবে। বিচার বিভাগ কীভাবে চলবে?’
বিচারপতি নাজমুন আরা সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, ‘নারী বিচারকদের পথ প্রদর্শক হচ্ছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা। পৃথিবীর যেকোনো দেশের চেয়ে আমাদের দেশে নারী বিচারকেরা অগ্রগামী।’
অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিচারপতি নাজমুন আরা সুলতানা এ দেশ এবং বিচার বিভাগের ইতিহাসের অংশ। তিনি এদেশের বিচার বিভাগের অহংকার। তাকে অনুসরণ করে অনেক নারী এই পেশায় এসেছেন। আজ তাই দেশে ২৪ শতাংশ নারী বিচারক রয়েছেন।’
অনুষ্ঠানে বিচারপতি নাজমুন আরা সুলতানা বলেন, ‘আমি আমার বিচারিক জীবনে ন্যায়বিচার করে গেছি। কখনও ইচ্ছাকৃতভাবে কিংবা অবহেলায় ভুল বিচার করিনি।’
নারী বিচারকদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রিয় নারী বিচারকেরা মনে রাখবেন, বিচারকের জীবন মানেই ন্যায় বিচারের দায়িত্ব কাঁধে নেওয়া। আর এই দায়িত্ব পালন করা খুব কঠিন ও পরিশ্রমের।’
অনুষ্ঠানে উপস্থিত প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে উচ্চ আদালতে নারী বিচারপতির সংখ্যা বাড়ানোর আহ্বান জানান তিনি।
সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও দেশের নারী বিচারকরা উপস্থিত ছিলেন।


