ক্রীড়া ডেস্ক: স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে সব প্রতিযোগিতায় নিজেদের সেরাটা জানান দিয়ে চলছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সবশেষ কয়েক মৌসুমে আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে দলটি।
চলতি মৌসুমেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে অ্যাটলেটিকো। এ নিয়ে শেষ চার মৌসুমে তিনবার ইউরোপ সেরার প্রতিযোগিতায় শেষ চারের টিকিট নিশ্চিত করল দলটি।
কোয়ার্টার ফাইনালে দুই লেগে মিলে লেস্টার সিটিকে ২-১ ব্যবধানে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ফিরতি লেগে গতকাল নিজেদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে অ্যাটলেটিকোকে রুখে দিতে চেয়েছিল লেস্টার। হাডাহাড্ডি প্রতিযোগিতায় ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র হয়েছে। ভিসেন্তে ক্যালদেরনে প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকার সুযোগে দুই লেগ মিলে ২-১ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
কিং পাওয়ার স্টেডিয়ামে গতকাল ম্যাচের ২৬মিনিটে ফিলিপ লুইসের দারুণ ক্রসে সাউল নিগুয়েজের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিশ্রামে যায় দু’দল। বিশ্রাম শেষে ৬১ মিনিটে জেমি ভার্ডির গোলে আবারও স্বপ্ন দেখা শুরু করে লেস্টার। কিন্তু শেষপর্যন্ত আর গোল না হওয়ায় ১-১ ব্যবধানে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।অ্যাটলেটিকোর জমাট বাঁধানো ডিফেন্সের কাছে স্বপ্ন ভঙ্গ হয়েছে গত মৌসুমে ইংলিশ লিগে ইতিহাস তৈরি করা দলটির। দুই লেগ মিলে তাদের হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ চার নিশ্চিত করে অ্যাটলেটিকো মাদ্রিদ।


