আল-আমিন,নীলফামারী: নীলফামারী সৈয়দপুরে সিটি ব্যাংকের গ্রাহকের মেয়াদি সঞ্চয় হিসাব (এফডিআর) থেকে ৩৩ লাখ টাকা লোপাট হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে গ্রাহক টাকা তুলতে গেলে জানতে পারেন তাঁর একাউন্টে কোনো টাকা নেই। পরে আমানতের টাকা ফেরতের দাবিতে ওই গ্রাহক রাত ৯টা পর্যন্ত ব্যাংকের এক কর্মকর্তাসহ ম্যানেজারকে অবরুদ্ধ করে রাখেন। এ ঘটনায় ব্যাংকের আমানতধারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ওই গ্রাহকের নাম শরিফা বেগম। তিনি নীলফামারী সৈয়দপুর উপজেলার বানিয়াপাড়া হাতিখানা এলাকার মৃত ইদ্রিস আলীর মেয়ে।
২০২২ সালের ১ জানুয়ারীতে গ্রাহক তাঁর একাউন্টের অনুকুলে ৩০ লাখ টাকার একটি এফডিআর করেন। ওই একাউন্টে আগে থেকে ৩ লাখ ২৩ হাজার টাকা সঞ্চয় ছিল। মেয়াদ শেষ না হলেও বিশেষ প্রয়োজনে এফডিআর ভেঙে টাকা তুলতে গিয়ে জানতে পারেন, একাউন্টে কোন টাকাই নাই। ওই এফডিআর করার এক মাসের মধ্যেই তা ভেঙে ফেলা হয়েছে। এ সময় ক্ষুব্ধ গ্রাহক ও তাঁর স্বজনেরা ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে ব্যাংকের ম্যানেজার ও উর্ধ্বতন কর্তকর্তারা গ্রাহকের আমানত ফেরত দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ব্যাংকের ইসতেকুর ইসলাম সেতু নামে এক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চেক জালিয়াতির মাধ্যমে আত্মসাতের কথা স্বীকার করেন। তিনি বলেন, এতে ব্যাংকের কোন দোষ নেই। আমি টাকাটা কৌশলে সরিয়েছি। তবে এটার সঙ্গে আমি একা জড়িত নই।
সিটি ব্যাংক সৈয়দপুর শাখার ব্যবস্থাপক সুলতান মাহবুব জানান, একজন গ্রাহকের অভিযোগের পরিপ্রেক্ষিতে হিসাবে তল্লাশি চালিয়ে হিসাব থেকে প্রায় ৩৩ লাখ টাকা লোপাটের প্রমাণ পাওয়া গেছে। যেহেতু ব্যাংকের হিসাবে থেকে টাকা গায়েব হয়েছে, তাই দায় দায়িত্ব সব ব্যাংকের। খুব শিগগিরই ওই গ্রাহকের আমানতের টাকা ফেরত দেওয়া হবে।


