সোমবার আদালতে যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে আগামীকাল সোমবার আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার বিকেলে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি জানিয়েছেন।

সানাউল্লাহ মিয়া বলেন, খালেদা জিয়া আইন ও আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বেলা ১১টার দিকে খালেদা জিয়া আদালতে পৌঁছাবেন।

পুরান ঢাকার বকশিবাজারস্থ কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লার আদালতে অরফানেজ মামলাটি বিচারাধীন। মামলাটিতে ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য রয়েছে।

প্রসঙ্গত, এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়।

২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

অভিযোগপত্রে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।

আসামি তারেক রহমান দেশের বাইরে আছেন। মাগুরার প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ জামিনে আছেন। ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু হতেই পলাতক।

মামলাটিতে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।