মো. রবিউল ইসলাম,টঙ্গী ॥ গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ পারভেজকে অবশেষে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ৩য় শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগের দায়ের হওয়া একটি মামলার আসামি মাসুদ পারভেজ।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি মাসুদকে বহিষ্কার করে। গত সোমবার টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি মেহিদী হোসেন কানন মোল্লা ও সাধারণ সম্পাদক মোশিউর রহমান সরকার বাবু ওয়ার্ড ছাত্রলীগ থেকে তাঁকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রে চিঠি পাঠান। থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়ায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ পারভেজকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়। পরে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।
এরশাদ নগর এলাকার মো. দাদনের ছেলে মাসুদ পারভেজ ফুলকলি মডেল একাডেমির তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের পর তার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে বিষয়টি জানাজানি হলে রাতেই মেয়েটিকে প্রথমে টঙ্গী সরকারী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ধর্ষিতার বাবা জানান, মুখ চেপে ধরে তার মেয়েকে ধর্ষণ করা হয়। বিষয়টি কাউকে বললে মেরে ফেলার হুমকি দিয়ে মাসুদ তার বাড়ি থেকে মেয়েকে পাঠিয়ে দেয়।
টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, অভিযোগে মাসুদ পারভেজকে রোববার রাতেই গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।


