স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের রায়

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার ঢাকার পরিবেশ আপিল আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রাজধানীর ডেমরা থানার কোনাপাড়া এলাকায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় স্বামী জাহাঙ্গীর হোসেন রনিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। রায়ে দণ্ডিতের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ের তার আরো ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় এ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

২০০৯ সালের ২২ জানুয়ারি রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়ার পাড়াডগাই এলাকার আল আমীন রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

মামলায় জানা যায়, ওইদিন সকালে স্ত্রী হামিদা আক্তারের মোবাইলে একটি মিসকল আসে। তখন মোবাইল ফোনটি জাহাঙ্গীর হোসেনের কাছে ছিল। ওই নাম্বারে আসামি জাহাঙ্গীর ফিরতি ফোন করে একটি পুরুষ কণ্ঠ শুনতে পায়। পুরুষ লোকটি তার পরিচয় না দেওয়ায় রনি স্ত্রীকে সন্দেহ করে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রনি দিয়াশলাইয়ের কাঠি দিয়ে ভিকটিম হামিদা আক্তারের পরিধেয় সালোয়ার-কামিজে আগুন ধরিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জানুয়ারি সে মারা যায়।

ওই ঘটনায় ভিকটিমের বড় ভাই শামসুল হক বাদী হয়ে ঢাকার ডেমরা থানায় ২০০৯ সালের ২৬ জানুয়ারি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ডেমরা থানার এসআই মীর আতাহার আলী ওই বছর ৩১ জুন আসামি জাহাঙ্গীর হোসেন রনিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় ২০১১ সালের ৫ জুন আদালত আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন। মামলাটির বিচারকালে আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন। জাহাঙ্গীরের পক্ষে ৩ জন সাফাই সাক্ষ্য দেন। মামলাটিতে রাষ্ট্রপক্ষ স্পেশাল পিপি এএফএম রেজাউল করিম এবং আসামি পক্ষে অ্যাডভোকেট মো. মজিবুর রহমান মামলা পরিচালনা করেন।