স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখান থানার ফায়দাবাদে স্ত্রী লিজাকে হত্যা মামলায় স্বামী ইমন হোসেনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

ইমন দিনাজপুর জেলার বিরল থানাধীন জগৎপুর মহাজনপাড়ার হাবিবুর রহমান বাবুর ছেলে।

মামলাটিতে ইমন জামিনে গিয়ে পলাতক হন। তাই তার অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, ২০১২ সালের ২২ সেপ্টেম্বর ইমন স্ত্রী লিজাকে বটি দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যার পরে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। ওই বছর ২৪ সেপ্টেম্বর পুলিশ বাসার দরজা ভেঙে লিজার মরদেহ উদ্ধার করে।

ওই ঘটনায় দক্ষিণখান থানার এসআই শাহজাহান ২৫ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ইমনকে গ্রেপ্তার করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্তের পর ২০১৪ সালের ২৯ এপ্রিল পুলিশ ইমনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলাটির বিচারকালে ট্রাইব্যুনাল ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।