যৌতুক দাবি ও নির্যাতনের মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেন।
আজ মঙ্গলবার ঢাকার ৮ নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাফরোজা পারভীন এই আদেশ দেন।
আজ আদালতে তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী আব্দুর রহমান মাসুম বলেন, এ মামলায় গত ৫ সেপ্টেম্বর হাইকোর্টে আগাম জামিন নেন ক্রিকেটার আল-আমিন। পরের দিন হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ তার আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। আট সপ্তাহ পরে তাকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসর্মপণ করার জন্য বলেন আদালত।
আজ হাইকোর্টের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৮ নং আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।


