মোঃআসাদুল ইসলাম চট্টগ্রাম: আজ ১৭ জুন: চট্টগ্রামের কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আই.আই.ইউ. সি) চট্টগ্রাম ক্যাম্পাসে শরৎকালীন সেমিস্টার ২০২৩ এর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন,জীবন হচ্ছে একটি যুদ্ধক্ষেত্র। নিরন্তর ছুটে চলাই হলো জীবন। যে জীবনে এসব চ্যালেঞ্জ গ্রহণ করবে, সে অনেকদূর এগিয়ে যেতে পারবে।
জীবনকে যুদ্ধক্ষেত্র হিসেবে নিয়ে জীবনযুদ্ধে জয়ী হতে হবে। সবাই স্বপ্ন দেখতে পছন্দ করে কিন্তু সবার স্বপ্ন বাস্তবায়িত হয়না। যদি স্বপ্নের সাথে প্রচেষ্টা যুক্ত হয় তাহলে তার মধ্যে ইলেক্ট্রম্যাগনেটিক পাওয়ার জন্মাবে। এবং সে শক্তি মানুষকে তার স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করবে। তিনি শিক্ষক এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানকে স্বপ্ন দেখতে সাহায্য করুন। স্বপ্ন দেখার পাশাপাশি তারা যেন প্রচেষ্টাকে যুক্ত করে সেদিকে বিশেষ নজর দিবেন। 
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন,আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু রেজা, মো. নেজাম উদ্দিন নাদভী এমপি, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির বক্তৃব্য রাখেন।
এর আগে তিনি “মাসিক দা’ওয়াহ” পত্রিকার মোড়ক উন্মোচন ও নতুন শিক্ষার্থীদের বরণ করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকান্ডে যারা জড়িত তাদের ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে এবং এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে।
পরে চট্টগ্রামে বিএনপি’র তারুণ্যের সমাবেশের কথা উল্লেখ করে তিনি বলেন, জামালখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ ইতিহাস ঐতিহ্যের অনেক স্থাপনা তারা ভাঙচুর করেছে। এতেই প্রমানিত হয় বিএনপি তরুণদেরকে সন্ত্রাসবাদের শিক্ষা দিচ্ছে। এটা আসলে তারুণ্যের সমাবেশের নামে নৈরাজ্য শিক্ষার সমাবেশ ছিল।


