স্বাধীনতাবিরোধী, জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের এখন জিরো টলারেন্স

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, স্বাধীনতাবিরোধী, জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের এখন জিরো টলারেন্স।

তিনি বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আাসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গোপালপুরে এদের পৃষ্ঠপোষক থাকলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না।

সোমবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি।

টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, বিশিষ্ট শিল্পপতি মশিউজ্জামান রুমেল।

এ সময় আরো উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীন, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার, গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন প্রমুখ।

আইজিপি আরো বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ জন্য কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। যাতে জনগণ-পুলিশ সেতুবন্ধন রচিত হয়।

তিনি বলেন, এখন আর ঔপনিবেশিক আমলের পুলিশ প্রশাসন ব্যবস্থা নেই। কোনো পুলিশ সদস্য অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হলে তাকেও ছাড় দেওয়া হবে না।