ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছের মটিজিন নামের একটি গ্রামে জঙ্গল থেকে পেছনে হাত বাঁধা অবস্থায় চার বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গ্রামটির মেয়র, তার স্বামী ও ছেলের মরদেহ রয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
সোমবার (৪ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স ও এপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
প্রতিবেদনে বলা হয়, মটিজিন গ্রামে ইউক্রেনীয় এক পুলিশ সদস্যের বাড়ির পাশের জঙ্গলে অর্ধেক পুঁতে রাখা অবস্থায় চারজনের মরদেহ পাওয়া যায়। তাদের মধ্যে ছিলেন গ্রামটির মেয়র ওলগা সুখেঙ্কো ও তার স্বামী-সন্তান। বাকি একজনের পরিচয় নিশ্চিত না হওয়া গেলেও ধারণা করা হচ্ছে, মরদেহটি ইউক্রেনের কোনো সেনা সদস্যের হবে।
পুলিশ বলছে, গত ২৪ মার্চ স্বামী-সন্তানসহ ৫০ বছর বয়সী মেয়র ওলগাকে অপহরণ করে রুশ সেনারা। তুর্কি বার্তা সংস্থা আনাদলু এজেন্সিকে স্থানীয়রা জানান, রাশিয়ার সেনাদের হামলার বিরোধিতা করায় মেয়র ও তার পরিবারকে অপহরণ করা হয়েছিল।


