স্বাস্থ্যবিধি না মানায় বাস-দোকানে ডিএমপির জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীজুড়ে সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (০৭ জুন) ডিএমপির তেজগাঁও ও মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেই সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হয়েছে সম্প্রতি। জীবিকার তাগিদে বেশকিছু শর্তে যানবাহন ও দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়েছে। আর এসব নির্দেশনা বাস্তবায়নে মাঠপ্রশাসনের সঙ্গে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ডিএমপি জানায়, তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানা এলাকায় ১টি বাস এবং ৭টি দোকানকে ৫ হাজার টাকা, শিল্পাঞ্চল থানা এলাকায় ৪টি দোকানকে ৩০ হাজার টাকা ও তেজগাঁও থানা এলাকায় ১০টি বাসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, মিরপুর থানা এলাকায় ৫টি দোকানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, পুলিশের একাধিক অভিযানে সর্বমোট ২৭টি মামলায় ১৬টি দোকান ও ১১টি বাসকে ৬৩ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।