নিজস্ব প্রতিবেদক : আট বছর ধরে সৎ মেয়েকে ধর্ষণকারী পাষণ্ড আরমান হোসেন সুমনের (৩৮) ফের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুনানি শেষে রোববার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার রিমান্ডের আদেশ দেন।
দুদিনের রিমান্ড শেষে আরমানকে আদালতে হাজির করে ফের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের সোস্যাল মিডিয়া মনিটরিং টিমের পুলিশ পরিদর্শক মো. নাজমুল নিশাত।
রিমান্ড আবেদনে বলা হয়, এ আসামিকে দুদিনের রিমান্ডে নিয়ে ফেসবুক আইডি, ই-মেইল তথ্যাদি যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। মামলার সুষ্ঠু তদন্ত, ফেসবুক আইডি উদ্ধার, পাসওয়ার্ড উদ্ধারসহ ধারণ করা ভিডিও-ডিভাইস উদ্ধার করার জন্য আসামিকে রিমান্ডে নিয়ে আরো অভিযান পরিচালনা করা জরুরি। এজন্য তার পুনরায় ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা জানান তদন্ত কর্মকর্তা।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আবদুল মজিদ রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তাকে দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। নতুন করে রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা নেই। তাছাড়া তিনি অসুস্থ, তাকে জামিন দেওয়া হোক। জামিন দিলে তিনি পলাতক হবেন না।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৩ জুলাই এ আসামির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ১১ জুলাই রাতে রাজধানীর রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ও তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় আরমানের বিরুদ্ধে মামলাটি করেন ওই তরুণী।
প্রাথমিক তদন্ত শেষে বুধবার রাতে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আরমান একটি বেসরকারি টিভি চ্যানেলের শব্দ প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।
মামলায় অভিযোগ করা হয়, মেয়েটির বাবার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর ২০০৫ সালে আরমান হোসেনকে বিয়ে করেন তার মা। দ্বিতীয় বিয়ের এক বছর পর থেকে মায়ের কাছে থাকা শুরু করেন মেয়েটি।
চাকরির কারণে মেয়েটির মা মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাড়ি থেকে সকালে কর্মস্থলে চলে যেতেন। আর ২০০৮ সালের কোনো একদিন দুপুরে সে সময়কার সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে প্রথম ধর্ষণ করেন আরমান।
এ সময় মেয়েটির আপত্তিকর ছবি মোবাইলে তুলে রাখেন তিনি। এরপর থেকে ছবি ও ভিডিও প্রকাশের হুমকি এবং ভয়-ভীতি দেখিয়ে প্রায়ই মেয়েটি ধর্ষণ করে আসছিলেন।
এক পর্যায়ে ২০১৫ সালে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আরমানই তার অবৈধ গর্ভপাত ঘটান। এরপরও মেয়েটির ওপর চলে নির্যাতন। এ নির্যাতন সহ্য করতে না পেয়ে গত বছরের ডিসেম্বরে নিউ ইস্কাটন রোডের খালার বাসায় চলে যান ওই তরুণী।
এরপরও তাকে কুপ্রস্তাব পাঠাতেন আরমান। রাজি না হলে এক পর্যায়ে ধর্ষণের ভিডিও ক্লিপ ওই মেয়েটির বন্ধুর কাছে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া অত্যন্ত নোংরা ভাষায় ফেসবুকের ম্যাসেঞ্জারে ম্যাসেজ পাঠাত আরমান।


