নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দাউদকান্দির পূর্ব পেন্নাই গ্রামের মফিজ মিয়ার স্ত্রী সেলিনা আক্তার (২৮), তার শিশুসন্তান নিজাম উদ্দিন (৪) ও তার বড় বোন ও রায়পুর গ্রামের রকিব উদ্দিনের স্ত্রী নাছরিন আক্তার (৩৫)।
হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি)আবদুল আউয়াল জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী একটি প্রাইভেটকার দাউদকান্দির রায়পুর এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় প্রাইভেটকারে থাকা সেলিনা আক্তার, নিজাম উদ্দিন ও নাছরিন ঘটনাস্থলেই নিহত হন।
তারা রায়পুর থেকে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন। প্রাইভেটকার চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে হাইওয়ে থানায় মামলা হয়েছে।


