নিজস্ব প্রতিবেদক : হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় খালেদা জিয়াকে আগামী ২৫ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানার নাশকতার ৮টি, যাত্রাবাড়ী থানার ২টি ও রাষ্ট্রদ্রোহের ১টি মামলা।
১১ মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। অপর ১০ মামলায় চার্জ গঠনের বিষয়ে শুনানির জন্য রয়েছে।
সোমবার সবগুলো মামলায় খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলাগুলোর মধ্যে রাষ্ট্রদ্রোহের মামলাটি এবং দারুস সালাম থানার দুইটি মামলায় সম্প্রতি হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় এবং প্রাক্তন এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপর মামলাগুলো চলতে পারে না ওই কারণে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির ৫৬১(এ) ধারায় আবেদন দাখিল করা হয়েছে। যা শুনানির অপেক্ষায় আছে। তাই চার্জ শুনানির জন্য সময় আবেদন মঞ্জুর করা আবশ্যক। শারীরিক অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি বলে সময়ের আবেদনে সেটাও উল্লেখ করা হয়। খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করে সানাউল্লাহ মিয়া এবং মহসিন মিয়া।
শুনানি শেষে বিচারক আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সময় মঞ্জুর করে খালেদা জিয়াকে আদালতে হাজির হতে নির্দেশ দেন।
খালেদা জিয়ার আইনজীবী মোহাম্মদ হেলাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে শহিদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গত বছর ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করা হয়। ২০১৫ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘আজকে বলা হয় এত লাখ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’
ওই দিন খালেদা জিয়া আরো বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না।’
এদিকে যাত্রাবাড়ী থানার মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা হামলা হয়। এতে ওই বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি নূর আলম (৬০) নামে এক যাত্রী মারা যান।
এ ঘটনায় ২০১৫ সালের ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন থানার উপপরিদর্শক এসআই কে এম নুরুজ্জামান। ওই বছরের ৬ মে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক বশির আহমেদ।
অন্যদিকে, ২০১৫ সালে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে আটটি মামলা দায়ের করা হয়। এই আট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করা হয়।
গত বছরে বিভিন্ন সময়ে মামলাগুলোয় চার্জশিট দাখিল করে পুলিশ। সবগুলো মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে খালেদা জিয়া মামলাগুলোয় আত্মসমর্পণ করে জামিন নেন।


